২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষের অধিকার রক্ষায় অবিচল ছিলেন বিপ্লবী রবি নিয়োগী’

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে টঙ্ক, নানকার, তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে রবি নিয়োগী সক্রিয়ভাবে অংশ নেন।

‘মানুষের অধিকার রক্ষায় অবিচল ছিলেন বিপ্লবী রবি নিয়োগী’
বিপ্লবী রবি নিয়োগীর ১১৬ তম জন্মবার্ষিকীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 09:00 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং আন্দামান জেল ফেরত বিপ্লবী রবি নিয়োগীর ১১৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

১৯১০ সালের ৩০ এপ্রিল শেরপুর শহরের পুরাতন গরুহাটি এলাকায় জন্ম নেওয়া রবি নিয়োগী ২০০২ সালের ১০ মে মারা যান।

বৃহস্পতিবার জন্মবার্ষিকী উপলক্ষে শহরের খরমপুর নতুন বাজার এলাকার মোবারক আর্টস অ্যান্ড ড্রয়িং একাডেমিতে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ’ আলোচনা সভা করে।

বিকাল ৪টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, জাতীয় সংগীত পরিবেশন, তার জীবনীভিত্তিক পুস্তিকা ও শোকবার্তা পাঠ করা হয় বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা সুধাময় দাস বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মানুষের অধিকার রক্ষায় টঙ্ক আন্দোলন, নানকার আন্দোলন, তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে রবি নিয়োগী ছিলেন একজন লড়াকু সৈনিক। নির্যাতন-নিপীড়ন ও দীর্ঘ কারাভোগ সত্ত্বেও তিনি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে সরে আসেননি।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের কারণে রবি নিয়োগী আন্দামান সেলুলার জেলসহ বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেন এবং প্রায় ১৫ বছর ফেরারি জীবন কাটান। তিনি ছিলেন আদর্শনিষ্ঠ, সৎ, নির্লোভ, নির্ভীক, দেশপ্রেমিক। তিনি জীবনের পুরো সময়জুড়ে শোষণহীন, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন।

স্কুল জীবনেই তিনি গুপ্ত সমিতি ‘যুগান্তর’-এর সঙ্গে যুক্ত হয়ে বিপ্লববাদী ধারায় সক্রিয় হয়েছিলেন। পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। ব্রিটিশদের দেওয়া ‘ডাবল স্টার’ মামলায় স্বাধীনতার পরও জিয়া ও এরশাদ সরকারের আমলে তাকে কারাভোগ করতে হয়।

রবি নিয়োগী সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। তিনি বিনা বেতনে সাপ্তাহিক একতা ও দৈনিক সংবাদের শেরপুর জেলা বার্তা পরিবেশক হিসেবে আমৃত্যু কাজ করেছেন।