২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবদল নেতার প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণায় মামলা, গ্রেপ্তার ৪

একদিন আগে শ্রীপুরের একটি বাজারে মাথায় লাল কাপড় বেঁধে, হাতে রাম দা নিয়ে প্রকাশ্যে যুবদল নেতার মহড়া ও চাঁদাবাজির ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 05:05 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাথায় লাল কাপড় বেঁধে, হাতে রাম দা নিয়ে প্রকাশ্যে এক যুবদল নেতার মহড়া ও চাঁদাবাজির ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল। 

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের প্রয়াত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪), প্রয়াত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।

রোববার সকালে ওসি জয়নাল বলেন, শনিবার বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে লাল গামছায় মুখ ঢেকে রাম দা হাতে প্রায় ৫০ জনের একটি দল নিয়ে যুবদল নেতা ব্যবসায়ীদের উদ্দেশে মাইকে চাঁদাবাজির ঘোষণা দেন। এ ঘটনায় রাতেই থানায় মামলা করা হয়েছে।

মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে একটি রামদা। 

তবে মূলহোতা শ্রীপুর উপজেলা যুবদলের সদ্য বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমসহ বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান ওসি জয়নাল।

শনিবার বিকাল ৪টার দিকে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু দলবল নিয়ে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন। তাৎক্ষণিক এ ঘটনার ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়ার পরপর যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতা যুবদল থেকে বহিষ্কার করে। 

বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে শোনা যায়, “প্রিয় দোকানদার ভাইয়ের আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে, এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে (শনিবার) আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং সহযোগিতা করতে।

“আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। আপনাদেরকে দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দেবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে।”

ভিডিওতে জাহাঙ্গীর বলতে দেখা যায়, “কে বাজার ইজারা নিল সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে।”

ভিডিওতে স্লোগান দিতে দেখা যায়, ‘জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’।

এ সময় জাহাঙ্গীরের আশপাশে লাল গামছা দিয়ে মাথা-মুখ ঢাকা অর্ধশত যুবককে দেখা গেছে; যাদের হাতে ছিল রামদা ও দেশি অস্ত্র।

বিকালে ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় চলার মধ্যে ওই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।

রাম দা হাতে দলবল নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি যুবদল নেতার, বহিষ্কার