উত্তাল মেঘনায় বিচ্ছিন্ন হাতিয়া, তিন দিন ঘাটে আটকা ৪ লাশ
ইউএনও বলেন, “বিশেষ বিবেচনায় লাশগুলো চেয়ারম্যান ঘাট থেকে মেঘনার নদীর উত্তর পাড়ের নলচিরা ঘাটে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।”
বৈরী আবহাওয়ায় মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে দ্বীপ উপজেলা হাতিয়া বিচ্ছিন্ন হয়ে যায়। সেই ঠিক সময়ে হাতিয়ার বাসিন্দা চারজনের মৃতদেহ আটকে ছিল নদীর ঘাটে।
তিন দিন অপেক্ষার পর শুক্রবার সরকারি বিশেষ ব্যবস্থায় একটি নৌযানে করে চেয়ারম্যান ঘাট থেকে মেঘনা নদী পার করে হাতিয়ায় নিয়ে লাশ চারটি স্বজনদের কাছে বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিকালে সাংবাদিকদের বলেন, বিশেষ বিবেচনায় বিকাল সাড়ে ৪টায় সরকারি নৌযান বে ক্রুজ-১ যোগে চেয়ারম্যান ঘাট থেকে মেঘনা নদীর অপর তীর নলচিরা ঘাটে চারটি লাশ নিয়ে আসা হয়েছে।
বুধবার বিকাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে লাশগুলো চেয়ারম্যান ঘাটে আটকা পড়েছিল।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার বেলা ১২টা থেকে হাতিয়ায় সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দিয় উপজেলা প্রশাসন। এ কারণে হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে জেলা সদর থেকে হাতিয়াগামী যাত্রীরা চেয়ারম্যান ঘাটে গিয়ে আটকা পড়েন।
এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া হাতিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম রাজুর (৭০) লাশও ছিল।
পরে স্বজনরা লাশগুলো দাফনের ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের সহায়তা চান।
মূল ভূখণ্ড থেকে হাতিয়া যেতে হলে মেঘনা নদী পাড়ি দিতে হয়। এতে প্রায় সোয়া ঘণ্টার মত সময় লাগে।
ইউএনও মো. আলাউদ্দিন বলেন, “বিশেষ বিবেচনায় লাশগুলো চেয়ারম্যান ঘাট থেকে মেঘনার নদীর উত্তর পাড়ের নলচিরা ঘাটে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগের আদেশ অনুযায়ী যথারীতি নৌ যোগাযোগ বন্ধ থাকবে।”
এদিকে মরদেহ চারটি গ্রহণ করার জন্য আগে থেকেই নলচিরা ঘাটে স্বজনরা অপেক্ষায় ছিলেন। নৌযান থেকে নামানোর পর নলচিরা ঘাট থেকে লাশগুলো সড়ক পথে হাতিয়া উপজেলার ওছখালি নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিজ নিজ এলাকায় দাফনের জন্য লাশগুলো নেওয়া হয় বলে জানান স্বজনরা।
