ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু
“এখন ঘাট এলাকায় অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পাড় করা হচ্ছে।”
ঘন কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর মধ্যে প্রথম রুটে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও দ্বিতীয় রুটে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এই দুই নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সোমবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
একই কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি বন্ধ রাখা হয় রোববার রাত ২টা থেকে। এ সময় মাঝ নদীতে আরিচা থেকে কাজিরহাটগামী ফেরি ‘কিষাণী’ এবং কাজিরহাট থেকে আরিচাগামী ‘খান জাহান আলী’ আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, “দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
“এখন ঘাট এলাকায় অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পাড় করা হচ্ছে।”
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, “কুয়াশার তীব্রতা কমে আসায় মাঝ নদীতে আটকে থাকা ফেরি কিষাণী এবং খান জাহান আলী গন্তব্যে রওনা হয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে যানবাহনের ভিড় কমতে শুরু করেছে।”
