নরসিংদীতে ‘চাঁদা না পেয়ে’ সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর, আহত ৭
দুটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে কারখানার পাশে ড্রেজারে হামলা চালায় বলে জানায় পুলিশ।
নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বাধা দিলে কারখানার অন্তত সাত শ্রমিককে পিটিয়ে আহত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এ হামলার ঘটনা ঘটে বলে জানান পলাশ থানার ওসি মনির হোসেন।
পুলিশ ও কারখানার কর্মকর্তারা জানান, বেলা ১২টার দিকে নদীপথে দুটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে কারখানার পাশে ড্রেজারে হামলা চালায়। হামলাকারীরা শ্রমিকদের ছয়টি কক্ষে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।
বাধা দিলে ড্রেজারের সাত শ্রমিককে পিটিয়ে আহত করা হয়। লুটপাটের পর হামলাকারীরা ট্রলারে করে চলে যায়। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুর রহমান বলেন, ২০২২ সালে কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। এখানে ঘণ্টায় ২৫০ টন সিমেন্ট উৎপাদনে লক্ষ্য ঠিক করা হয়েছে।
কারখানাটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোক চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় দিনদুপুরে এমন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ওসি মনির হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
