২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আওয়ামী লীগের মাঠে বিএনপির ‘রাজত্ব’

আওয়ামী লীগহীন ভোটের মাঠে বিএনপির প্রভাব-প্রতিপত্তির মধ্যে এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী।

জামালপুরে আওয়ামী লীগের মাঠে বিএনপির ‘রাজত্ব’
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর একটি নির্বাচনি জনসভার চিত্র।

বিডিনিউজ২৪

মুত্তাছিম বিল্লাহ, জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 12:35 AM

Updated : 26 Aug 2026, 02:53 PM

জামালপুরের পাঁচটি আসনে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিই আধিপত্য দেখিয়েছে। দল দুটি সমানে সমানে জয়ী হয়েছে। ভোটের ব্যবধান থেকে খুবই অল্প। 

এবার আওয়ামী লীগ মাঠে নেই। নেতাকর্মীরা অনেকটাই আত্মগোপনে ও নিষ্ক্রিয়। এই পরিপ্রেক্ষিতে ভোটের মাঠে বলতে গেলে বিএনপির প্রভাব-প্রতিপত্তি সবই রয়েছে। এই জেলায় নির্বাচনে তাদের ভাল ফলাফলের আশাই করছেন নেতাকর্মীরা। 

ভোটের মাঠে এবার তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। অন্তত একটি আসনে জামায়াত মরণপণ লড়াই করছে বলে সাধারণ ভোটারদের কাছে প্রতীয়মাণ হচ্ছে। ভোট যত ঘনিয়ে আসছে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়ছে।    

১৯৭৮ সালে জামালপুর জেলায় উন্নীত হওয়ার পর থেকে আসনগুলোতে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে। স্বাধীনতার পর থেকে বিগত ১৫ বছর ছাড়া জেলার পাঁচটি আসনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই সমহারে রাজত্ব করেছে। 

এই নির্বাচনে হারানো আসনগুলো পুনরুদ্ধার করতে চায় বিএনপি। অন্যদিকে, নতুন করে বিজয়ের স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল বিজয়ী হতে ভোটারদের কাছে যাচ্ছেন।

জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর-২ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ড. ছামিউল হক ফারুকী।

জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর-২ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ড. ছামিউল হক ফারুকী।

জামালপুর-১: ‘বিদ্রোহে’ কতটা বিপদে বিএনপি

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি আগেও সংসদ সদস্য ছিলেন। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।

তবে এখানে বকশিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন হাতপাখার প্রার্থী হয়েছেন। 

যদিও ভোটারদের ধারণা, এখানে ধানের শীষ ও দাঁড়িপাল্লা মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই আসনে আওয়ামী লীগের বড় ভোট রয়েছে। তিন প্রার্থীই সেই ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করছেন। 

এ ছাড়া জাতীয় পার্টি থেকে এ কে এম ফজলুল হক এবং গণঅধিকার পরিষদের রফিকুল ইসলাম লড়ছেন। 

জনসংযোগ করছেন জামালপুর-০৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

জনসংযোগ করছেন জামালপুর-০৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

১৯৯১ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি নির্বাচনে আওয়ামী লীগ তিনবার এবং বিএনপি একবার জয়লাভ করে। আসনটিকে আওয়ামী লীগের ঘাঁটি মনে করা হলেও ২০০১ সালে আওয়ামী লীগের ‘হেভিওয়েট’ প্রার্থী আবুল কালাম আজাদকে হারিয়ে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময়ে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। ফলে ওই আসন থেকে বিএনপি জয়ের সম্ভাবনা দেখছে। 

অপরদিকে জামায়াতের কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিনিয়ত বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে, মাঠে-ঘাটে চষে বেড়াচ্ছেন নাজমুল হক সাঈদী। 

দাঁড়িপাল্লার পক্ষে ভোট টানতে ভোটারদের ঘরে-ঘরে পৌঁছে যাচ্ছেন দলের কর্মীরা। কর্মীসভা, পথসভা ও সামাজিক অনুষ্ঠানে নিয়মিত যোগ দিচ্ছেন নাজমুল হক সাঈদী।

হাতপাখার প্রার্থী আব্দুর রউফ তালুকদার বিএনপি থেকে চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মনোনয়ন না পেয়ে তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে প্রার্থী হন। তার একটি ‘ভোট ব্যাংক’ রয়েছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৭০৭ জন, নারী ২ লাখ ১৫ হাজার ৪৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে দুজন ভোটার।

নির্বাচনি জনসংযোগ করছেন জামালপুর-৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী।

নির্বাচনি জনসংযোগ করছেন জামালপুর-৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী।

জামালপুর-২: খাতা খুলতে চায় জামায়াত

চরাঞ্চল ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকীর। তাদের মধ্যে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা।  

এই আসনে অন্য দুজন প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশর সুলতান মাহমুদ সিরাজী এবং স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেস খান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এখানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পাওয়ায় বিভক্তি রয়েছে। সেটি জামায়াতে ইসলামীর প্রার্থীকে সুবিধা দিতে পারে বলে দলের একাংশের নেতাকর্মীদের প্রত্যাশা। 

সুলতান মাহমুদ বাবু ১৯৯১ সাল থেকে টানা পাঁচটি সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে অংশগ্রহণ করেন। কিন্তু শুধু ২০০১ সালের নির্বাচনে তিনি জয়লাভ করেন। 

জামায়াতে ইসলামীর প্রার্থী ছামিউল হক ফারুকী ভোটের মাঠে সরব উপস্থিতি জানান দিচ্ছেন। নির্বাচনে বিজয়ী হতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা করছেন তিনি। নিজ দলের একক প্রার্থী ও প্রতিপক্ষ বিএনপিতে দলীয় প্রার্থী নিয়ে কোন্দল থাকায় জামায়াতের নেতাকর্মীরা অনেকটাই নির্ভার। তাই বিএনপির কোন্দলকে কাজে লাগিয়ে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থা সৃষ্টি করতে মরিয়া জামায়াত। তারা জামালপুরে নতুন করে ইতিহাস লিখতে চায়।  

ইসলামী আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী এবং স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেস খান প্রচার চালাচ্ছেন।

ভোটের জনসংযোগে জামালপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী।

ভোটের জনসংযোগে জামালপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী।

জামালপুর-৩: বিএনপির ‘বহুবিধ বিদ্রোহ’ 

মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে গত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আটবার, বিএনপি দুইবার, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকসাল একবার এবং জাতীয় পার্টি একবার নির্বাচিত হয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম টানা সাতবার সংসদ সদস্য ছিলেন।

এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমান বাবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আজমের কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে যান।

আসনটিতে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীরা তার পক্ষে অবস্থান নিয়েছেন। এলাকায় কার্যক্রম ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার সুনাম রয়েছে। 

তবে বাবুলকে নিজ দলের ‘বহুবিধ বিদ্রোহের’ মুখে পড়তে হয়েছে। মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। জেলার মধ্যে বিএনপির একমাত্র ‘বিদ্রোহী’ প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। 

জনসংযোগ করছেন জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভ।

জনসংযোগ করছেন জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভ।

এদিকে, দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন দৌলতুজ্জামান আনছারী। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেই তিনি এই আসনে মনোনয়ন পেয়ে যান। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার বেশ পরিচিতি ও কর্মী-সমর্থক রয়েছে। 

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা কমিটির কর্মপরিষদ সদস্য মাওলানা মো. মুজিবুর রহমান আজাদী। জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। বিএনপির বিভেদকে তারা কাজে লাগাতে চান। 

বামধারার রাজনীতিবিদ গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

এই আসনে অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া, গণসংহতি আন্দোলনের ডা. ফিদেল নঈম ও স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ।

তিনটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৪ হাজার ২৫৮ জন, নারী ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ছয়জন ভোটার।

সাধারণ ভোটারদের ধারণা, আওয়ামী লীগ এই ভোটের মাঠে সব দলই তাদের ভোট নিজেদের কব্জায় নেওয়ার চেষ্টা করছেন। যে সেই ভোট বেশি টানতে পারবেন তিনিই বিজয়ের হাসি হাসবেন।   

নির্বাচনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।

নির্বাচনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।

জামালপুর-৪: ‘নির্ভার বিএনপি’

সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের এলাকা। এখান থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। এই আসনে সবসময় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবার আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি সেটিকে ‘সুযোগ’ হিসেবে দেখছে। 

এখানে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আকবর, গণঅধিকার পরিষদের জেলার সভাপতি ইকবাল হোসেন, নাগরিক ঐক্যের মো. কবির হাসান এবং সিপিবির মাহবুব জামান জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফরিদুল কবির তালুকদার শামীমের সঙ্গে বিএনপির সব স্তরের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও হাই কোর্টের আদেশে প্রার্থিতা বাতিল হয়ে যায়। আসন্ন নির্বাচনে বিএনপির মধ্যে কোনো বিভক্তি না থাকা ধানের শীষের প্রার্থী এখানে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন।  

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়ালের ভাল ইমেজ রয়েছে। তিনি বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। দলের নেতাকর্মীরা ভোটের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন। 

স্থানীয় ভোটারদের ধারণা, এখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 

জনসংযোগ করছেন জামালপুর-৪ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

জনসংযোগ করছেন জামালপুর-৪ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

জামালপুর-৫: বিএনপির ভাল অবস্থান

সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জেলার মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে এই সংসদীয় আসনে বিভিন্ন দলের আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা কমিটির আমির মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সাবেক সভাপতি সৈয়দ ইউনুছ আহাম্মদ, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা’আদাত উল করীম, জাতীয় পার্টি-জেপির মো. বাবর আলী খান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আমির উদ্দিন, গণঅধিকার পরিষদের জাকির হোসাইন, সিপিবির আক্কাস আলী ভোট করছেন। 

নির্বাচনি পথসভায় বক্তব্য দিচ্ছেন জামালপুর-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

নির্বাচনি পথসভায় বক্তব্য দিচ্ছেন জামালপুর-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহ মো. ওয়ারেছ আলী মামুন ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের কাছে হেরে যান। এর আগে তিনি জামালপুর পৌরসভার মেয়র ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন তিনি। সব ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীরা তার পক্ষে অবস্থান নিয়েছেন। এই আসনে অন্যান্য প্রার্থীর চেয়ে তার অবস্থান ভাল।

জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার গ্রামে-গঞ্জে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। সৎ মানুষ হিসেবে রয়েছে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা।

এই আসনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে শুধু ১৯৯১ সালে বিজয়ী হন। তখন তিনি স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পান। বাকি নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয় এই আসনে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুছ আহাম্মদ বিগত সময়ে জাতীয় সংসদ ও পৌরসভার মেয়র পদে নির্বাচন করেছেন। ফলে ভোটের মাঠে তার পরিচিতি রয়েছে। 

অন্যান্য দলের প্রার্থীরাও প্রচার চালিয়ে যাচ্ছেন। এখানে শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে।

জনসংযোগ করছেন জামালপুর-৫ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার।

জনসংযোগ করছেন জামালপুর-৫ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার।

নেতারা যা বলছেন

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, “গত ১৭ বছর বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে। মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের কাছে যাচ্ছি তাদের সমস্যার কথা শুনে আশ্বস্ত করছি। জেলার সবকটি আসনেই বিএনপি জয়লাভ করবে।”

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, “এখনো পর্যন্ত নির্বাচনের মাঠ অনেক ভাল। কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আশা করি, নির্বাচনে পাঁচটি আসনেই জামায়াত ইসলামী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।”

০১। এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি, জামালপুর- ১।  

০২। অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামালপুর- ১।

০৩। আব্দুর রউফ তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর- ১।  

০৪। সুলতান মাহমুদ বাবু, বিএনপি, জামালপুর- ২।  

০৫। ড. ছামিউল হক ফারুকী, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামালপুর- ২। 

০৬। মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর- ২। 

০৭। মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপি, জামালপুর- ৩। 

০৮। মাওলানা মো: মুজিবুর রহমান আজাদী, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামালপুর- ৩। 

০৯। দৌলতুজ্জামান আনছারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর- ৩।

১০। সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী), জামালপুর- ৩। 

১১। ফরিদুল কবীর তালুদকার শামীম, বিএনপি, জামালপুর- ৪।  

১২। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামালপুর- ৪। 

১৩। অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপি, জামালপুর- ৫।

১৪। মোহাম্মদ আব্দুস সাত্তার, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামালপুর- ৫।

১৫। সৈয়দ ইউনুছ আহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর- ৫।