শ্রমিক বেশে পিকআপ নিয়ে ডাকাতি করতেন তারা
তারা পিকআপ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরে এসে ডাকাতি করে আবার নারায়ণগঞ্জে চলে যায়।
ফরিদপুরের দুই বাড়িতে ডাকাতির ঘটনায় তিন জেলা থেকে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দাবি করে পুলিশ বলছে, তারা পিকআপ নিয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করতো। পথে চেকপোস্টে আটকালে নিজেদের তারা মালামাল ওঠানো-নামানোর শ্রমিক হিসেবে পরিচয় দিত।
বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
তিনি জানান, কোতয়ালী থানা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ থেকে দলের সর্দার কবির হোসেন (৪৩), সাইদুল ইসলাম (৪১), হৃদয় (৩৫), শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম (২৭), ফরহাদ হোসেন (৩২) এবং ফরিদপুর থেকে আতিয়ার শেখকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ছোড়া, লোহার রড, হাতুরি, সেলাই রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানান হয়, ১৪ জুন রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভাবুকদিয়া গ্রামের মৃত্যুঞ্জয় সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
৮-১০ জনের ডাকাতদল বসতবাড়ির ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার, টাকাসহ মালামাল লুট করে পালিয়ে যায়।
এর আগে গত ১০ জুন রাতে সদর উপজেলার পরমানন্দপুর গ্রামে আক্তার মোল্যার বাড়িতেও একইভাবে মালামাল লুট করে ৮-১০ জনের ডাকাত দল।
এই দুই ডাকাতির ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। পরে ডাকাতদের আটকে পুলিশের অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে একাধিক টিম মাঠে নামে। অভিযানে নারায়ণগঞ্জ থেকে তিনজন, শরীয়তপুর থেকে দুই জন ও ফরিদপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, দীর্ঘদিন যাবত তারা বসতবাড়ি ও মহাসড়কে ডাকাতি করে আসছে। তারা পিকআপ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরে এসে ডাকাতি করে আবার নারায়ণগঞ্জে চলে যায়।
“বিভিন্ন জেলায় ডাকাতিতে আসা-যাওয়ার সময় তারা পিকআপে এমনভাবে অবস্থান করত যাতে রাতে চেকপোস্টে আটকালে নিজেদের মালামাল নামানো-ওঠানোর শ্রমিক হিসেবে পরিচয় দিতে পারে।”
মোর্শেদ আলম জানান, দেশের বিভিন্ন থানায় কবির হোসেনের নামে সাতটি, সাইদুল ইসলামের নামে ৯টি এবং হৃদয়ের নামে পাঁচটি ডাকাতি ও ডাকাতি চেষ্টার মামলা রয়েছে।
গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার।
