রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ‘ধোঁয়াশা’য় চিকিৎসকরা
“তবে দুই ডোজ টিকা নেওয়ার পরও কেউ আক্রান্ত হয়েছে কিনা- সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমা খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার তার মৃত্যু হয়। ফাহিমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রূপনগর গ্রামে। তার বাবার নাম অরুণ আলী।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান শাহীদা ইয়াসমিন জানান, ফাহিমাকে হামের টিকা দেওয়া হয়েছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি পরিবারের সদস্যরা।
“একই উপজেলার নয় বছর বয়সী আরেক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তার কেস স্টাডিতে দেখা গেছে, সে হামের প্রথম ডোজ টিকা নিয়েছিল, তবে দ্বিতীয় ডোজ নেয়নি।”
চিকিৎসক শাহীদা ইয়াসমিন বলেন, “ছয় থেকে ১০ বছর বয়সী যেসব শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে, তাদের মধ্যে অধিকাংশেরই টিকা নেওয়া নেই বা একটি ডোজ নেওয়া হলেও পূর্ণ ডোজ সম্পন্ন হয়নি।
“তবে দুই ডোজ টিকা নেওয়ার পরও কেউ আক্রান্ত হয়েছে কিনা- সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে একটি গবেষণা দল কাজ করছে এবং তাদের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।”
তিনি বলেন, “জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী, শিশুদের ছয় মাস ও ১৫ মাস বয়সে দুটি ডোজ টিকা দেওয়া হয়। তবে এবার ছয় মাস বয়সের আগেই উল্লেখযোগ্য সংখ্যক শিশু হামে আক্রান্ত হচ্ছে, যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি। এ ছাড়া ছয় বছরের বেশি বয়সী শিশু এবং ছয় মাসের নিচের শিশুদের উপসর্গেও পার্থক্য দেখা যাচ্ছে। ফলে বিষয়টি নিয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে।”
শাহীদা ইয়াসমিন বলেন, ৩০ মার্চ স্বাস্থ্য বিভাগের তিন সদস্যের একটি গবেষণা দল রাজশাহীতে দুই দিন কাজ করেছে। তাদের প্রতিবেদন হাতে পেলে এবারের হামের ধরণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, এবারের প্রাদুর্ভাবে শিশুদের পাশাপাশি অল্পসংখ্যক প্রাপ্তবয়স্ক রোগীও শনাক্ত হয়েছে। তবে আক্রান্তদের বেশিরভাগই নয় মাসের কম বয়সী শিশু।
তিনি বলেন, চলমান গবেষণার মাধ্যমে এবারের হামের প্রকৃতি নির্ধারণের চেষ্টা চলছে। বিভিন্ন জেলায় কাজ করা গবেষণা দলের প্রতিবেদন পাওয়া গেলে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ১৩২ জন রোগী ভর্তি রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জনে।
শংকর কুমার বলেন, হামের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগায় আপাতত সব রোগীকেই ‘সাসপেক্টেড’ হিসেবে ধরা হচ্ছে। কারণ রাজশাহীতে দ্রুত এ পরীক্ষা করার সুযোগ নেই। তাই হামের আক্রান্ত কত শিশু মারা গেল তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
