২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সড়কে ঝরল দুই সহোদরসহ ৪ জনের প্রাণ

তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী এবং ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন।

নীলফামারীতে সড়কে ঝরল দুই সহোদরসহ ৪ জনের প্রাণ
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2024, 06:41 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

নীলফামারীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর উপজেলার ওয়াপদা নয়াবাজার এবং কিশোরগঞ্জ উপজেলার আবুলের বাজার এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। 

সৈয়দপুর থানার ওসি মো. শাহ আলম জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে দুই সহোদর মোটরসাইকেলে করে সৈয়দপুর থেকে নীলফামারী সদরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ওয়াপদা নয়াবাজার এলাকায় পেছন থেকে একটি তেলবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

নিহতরা হলেন- মো. সুমন ইসলাম (২৭) এবং সিয়াম হোসেন (২২)। তারা নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাছারী শাহ্পাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে।

ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যাওয়ার আগেই দুই ভাইয়ের মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস জলঢাকা থেকে রংপুর যাচ্ছিল। পথে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নের অবিলের বাজার সোনাকুড়ি এলাকায় পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। আহত হন মাইক্রোবাসের আরও পাঁচ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুজনের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।

নিহতরা হলেন- জলঢাকা উপজেলার উত্তর চেরেঙ্গা ময়দানেরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাজেদুল ইসলাম মতি (৩৫) এবং ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ী মাঝাপাড়া গ্রামের নুরুল হকের ছেলে আনারুল ইসলাম (৪০)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি পলাশ চন্দ্র বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে জানান তিনি।