২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত কর্মীদের হত্যার অভিযোগে কাদের মির্জার বিরুদ্ধে মামলা

জেলা জামায়াতের আমির বলেন, ২০১৩ সালে কোম্পানীগঞ্জে তাদের সাত নেতাকর্মী নিহত  হন। তিনজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও চারজনের লাশের ময়নাতদন্ত হয়নি, মামলাও হয়নি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 07:44 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১০ বছর আগে জামায়াতের  দুই কর্মীকে হত্যার অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়েছে। 

বৃহস্পতিবার সাইফুল ইসলাম নামে নিহত জামায়াত কর্মীর বড় ভাই মোহাম্মদ আমিরুল ইসলাম বাদী হয়ে নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইকবাল হোসেনের আদালতে মামলার আবেদন করেন বলে আদালত পুলিশের পরিদর্শক শাহ আলম জানান।

এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা ও উপজেলার সাবেক ইউএনও মো. নুরুজ্জামান, কোম্পানীগঞ্জ থানার সাবেক পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, সাবেক এসআই সুধীর রঞ্জন বড়ুয়া, আবুল কালাম আজাদ, শিশির কুমার বিশ্বাস, উক্যসিং মারমাসহ ১১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। 

আদালত পুলিশের পরিদর্শক শাহ আলম বলেন, “নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে এ ঘটনায় আগে কোনো মামলা আছে কিনা তা আদালতকে জানাতে কোম্পানীগঞ্জ থানার ওসিকে বলেছেন। 

“মামলা না হয়ে থাকলে আদালতে দাখিল করা মোহাম্মদ আমিরুল ইসলামের অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে।”  

মামলার আবেদনের বিবরণ থেকে জানা যায়, বাদী কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর একজন কর্মী। 

২০১৩ সালের ১৪ ডিসেম্বর জামায়াতের কেন্দ্রীয় নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিলের ঘোষণা আসে। 

বিকাল সাড়ে ৪টার দিকে কোম্পানীগঞ্জ জামায়তে ইসলামী এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আয়োজন করে। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আড়াই থেকে তিন হাজার লোক কেজি স্কুলে জড়ো হন। 

মামলার বাদী ও তার ভাই সাইফুল ইসলামও মিছিলে অংশ নেওয়ার জন্য সেখানে যান। 

উপজেলা জামায়াত নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেজি স্কুলের পূর্ব দিকে অগ্রসর হয়। 

এ অবস্থায় অভিযোগে উল্লেখ করা আসামি ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন মিছিলে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। 

কাদের মির্জার গুলিতে মামলার বাদীর ভাই সাইফুল ইসলামের বুকের বাম পাশে বিদ্ধ হয়। 

মামলায় আরও বলা হয়েছে, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের নির্দেশে থানার পরিদর্শ (তদন্ত) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই শিশির কুমার বিশ্বাস জামায়াত কর্মী মশিউর রহমান সজিবের ওপর গুলি করে। এসআই ঊক্যসিং মারমা সজিবের বুকের নিচে গুলি করে। এতে তারা নিহত হন।

নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, ২০১৩ সালে কোম্পানীগঞ্জে জামায়াতের মোট সাতজন নেতাকর্মী মারা যান। এ সময় তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। 

তিনি বলেন, “এ ঘটনায় উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করা হয়। চারজনের লাশের ময়নাতদন্ত হয়নি এবং মামলাও হয়নি। বর্তমানে স্বৈরাচার সরকারের পতনের পর নৃশংস হত্যাকাণ্ডের বিচার চায় নিহতের স্বজনেরা।”