১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ‘গুলি করে গরু ব্যবসায়ীর ৭৮ লাখ টাকা’ ছিনতাই

মির্জাপুর উপজেলার একটি হাটে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন বলে জানান ওই ব্যবসায়ীরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 10:06 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গুলি করে চার গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এসেছে। 

শনিবার সন্ধ্যায় গোড়াই সখীপুর সড়কের উপজেলার বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান।

গরু ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের পিয়ারুল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া। 

তারা জানান, শনিবার ছিল মির্জাপুরের কাইতলায় সাপ্তাহিক গরুর হাট। তারা রাজশাহী থেকে গরু নিয়ে এসে ওই হাটে বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেট কারে ফিরছিলেন। পথে নয়াপাড়া এলাকায় ৮-১০টি মোটরসাইকেল ও একটি মাইক্রো বাস তাদের প্রাইভেট কারের গতিরোধ করে এলোপাতারি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। 

পরে ছিনতাইকারীরা প্রাইভেট কারের কাচ ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা ভরতি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়।  

পরে ব্যবসায়ীরা স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেন।

মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান। 

গরু ব্যবসায়ী পিয়ারুল বলেন, “ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকার দুটি ব্যাগ নিয়ে যায়।”

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, “এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।”