২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু: স্বতন্ত্র ভিপি প্রার্থী ছাত্রদল নেতাসহ ১১ জনের মনোনয়ন প্রত্যাহার

এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি পাঁচ পদের বিপরীতে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 10:46 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ পদের বিপরীতে ১১ জন প্রার্থিতা তুলে নিয়েছেন। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি পাঁচ পদের বিপরীতে তিনজন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা চৌধুরী শারমিন আক্তার বিষয়টি জানিয়েছেন।

কেন্দ্রীয় সংসদে প্রত্যাহারকারীদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান মিঠু মনোনয়ন প্রত্যাহার করেছেন। ভিপি পদে প্রত্যাহারকারী অন্যজন হলেন আবুল হায়াত। তিনিও স্বতন্ত্র ভিপি প্রার্থী ছিলেন।

মনোনয়ন প্রত্যাহার করা অন্যদের মধ্যে রয়েছেন- সাধারণ সম্পাদক (জিএস) পদে সমসের আলী, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক পদে সাইফুল ইসলাম ও লুবনা শারমিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সুমাইয়া মুসতারিন মুন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে রমজানুল মোবারক, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সহকারী সম্পাদক পদে দিদারুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা এবং কার্যনির্বাহী পদে সিফাত সরকার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মুজাহিদুল ইসলাম, মাহমুদুল মিঠু ও সাফিন আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে হল সংসদে কতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সে তথ্য এখনও জানা যায়নি।

বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে ‘দলীয় সিদ্ধান্তের’ কথা বলে ভিপি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।

এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে শনিবার। রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।