২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ২০ মাস কারাভোগ শেষে দেশে ফিরল এক কিশোর

২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের পর দেশেটির জম্মু ও কাশ্মীর এলাকায় ২০২৪ সালের ৩ এপ্রিল তাকে আটক করে পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ভারতে প্রায় ২০ মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে এক কিশোর।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই কিশোরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন। 

ফেরত আসা ১৬ বছরের ওই কিশোর জামালপুর জেলার বাসিন্দা।

ওই কিশোর বলে, ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে যায় সে। এরপর দেশটির জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল পুলিশ তাকে আটক করে। 

এরপর তাকে কাশ্মীর বয়েজ শেল্টার হোমে রাখা হয়। সেখান প্রায় ২০ মাস থাকার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়। 

ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা কিশোরকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন রাইটস গ্রহণ করবে। 

যশোর রাইটস-এর এরিয়া সমন্বয়কারী সফিকুর রহমান বলেন, ফেরত আসা কিশোরকে পোর্ট থানা থেকে হেফাজতে নিয়েছেন তারা। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পৌঁছে দেওয়া হবে।