২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মশাল মিছিল হয়েছে। এ কারণে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাত ১টার পর উপজেলার খরনা এলাকায় এই মিছিল হয় বলে শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করীম জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খরনা ইউনিয়ন যুবলীগের কর্মী মাসুদ রানা (৪৫), ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য সাদিক (১৮) এবং খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।

স্থানীয়রা জানান, ঝটিকা মিছিল শেষে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পরিদর্শক মাসুদ করীম বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মিছিলের সময় তারা নাশকতারও চেষ্টাও চালায়।”