২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে স্ট্যাম্পে সই, টাকা দাবির অভিযোগ

বাজারের ব্যবসায়ী ও স্থানীয় প্রায় তিন শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল করে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 08:00 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক ব্যবসায়ীকে আটকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং মোটা অঙ্কের টাকার দাবিতে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।   

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে মানববন্ধন ও সমাবেশ হয়। সেখানে ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয়।

পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় প্রায় তিন শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল করে। 

মামলার বরাতে পুলিশ জানায়, রোববার সকালে আলাদাউপুর গ্রামের সাহা পাড়ার বাড়ি থেকে ব্যবসায়ী রূপক রায় আমতলী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বিকাশে টাকা পাঠানোর কথা বলে কৌশলে তাকে আনোয়ার হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

বাড়িতে যাওয়ার পর রূপক সাহাকে বেঁধে মারধর করা হয়। তার কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং ২০ লাখ টাকা দাবি করা হয়। 

এক পর্যায়ে আসামিরা রূপকের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানায়, তিনি ব্রাহ্মণবাড়িয়াতে আছেন এবং তার ফোন হারিয়ে গেছে। 

তবে রূপককে আটকে রাখার বিষয়টি দুপুরের দিকে জানাজনি হলে পরিবারের পক্ষ থেকে জরুরি জাতীয় নম্বর ৯৯৯ এ ফোন করা হয়। পাশাপাশি থানায়ও জানানো হয়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি গ্রামের লোকজন ছুটে গিয়ে রূপককে উদ্ধার করেন। 

এ সময় আনোয়ার হোসেন (৪০), তার ভাই শাহনূর রহমান এবং তাদের বাবা লাভলুর রহমানকে আটক করে পুলিশ। পরে লাভলুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। 

এ ঘটনায় রূপক রায়ের বাবা গোপাল রায় রোববার রাতেই থানায় লিখিত অভিযোগ দেন। সোমবার সকালে মামলা নথিভুক্ত হয়। মঙ্গলবার সেই মামলায় আনোয়ার ও শাহনূরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানায় পুলিশ। 

এদিকে মারধরে আহত ব্যবসায়ী রূপক রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ব্যবসায়ী রূপক রায় বলেন, তাকে জিম্মি করে একাধিক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং পিটিয়ে ২০ লাখ টাকা চাওয়া হয়। পুলিশের খবর দেওয়ার বিষয়টি জানতে পেরে আরও বেশি মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে রক্তাক্ত করা হয়।

মামলার বাদী গোপাল রায় বলেন, “পুলিশ ও এলাকাবাসী গিয়ে উদ্ধার না করলে হয়ত ছেলেকে ফিরে পেতাম না।” 

এদিকে মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন আমতলী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন মোল্লা, চান্দুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মাস্টার, চান্দুরা ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ খন্দকার, খেলাফত মজলিসের বিজয়নগরের সভাপতি তানভীর খান, বাছির সরদার, রিপন মিয়া, প্রসেনজিৎ মালাকার।

এ সময় বক্তারা বলেন, আনোয়ারের পরিবারের লোকজন মানুষকে জিম্মি করে টাকা আদায়কে পেশা হিসেবে নিয়েছে। এর আগেও তারা এমন ঘটনা ঘটিয়েছে। পুলিশকে ধন্যবাদ যে তারা দ্রুত পদক্ষেপ নিয়েছে।