মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় নিহত ২
“দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে।”
কক্সবাজারের উখিয়া উপজেলায় বাসের চাপায় এক রোহিঙ্গাসহ দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে টেকনাফ মহাসড়কের থাইংখালীতে এ দুর্ঘটনা ঘটে বলে শাহপরী হাইওয়ে পুলিশের ওসি মাহাবুবুল কবির জানান।
নিহতরা হলেন- উখিয়ার আশ্রয় শিবিরের ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমান (১৮) ও সাতক্ষীরার তালা উপজেলার খালিশপুরের বাসিন্দা আজিজ গাজির ছেলে লিটন গাজী (২০)।
থাইংখালী এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মাহবুব আহমদ শাকিল বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের চাপায় আরোহীরা ঘটনাস্থলেই নিহত হন।”
বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি মাহাবুবুল বলেন, “চালক পালিয়ে গেছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।”
