১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীর বাসায় স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ, পাশে ছিল চিরকুট

চিরকুটে ঋণের কারণে আত্মহত্যা করার লেখা আছে, বলছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

রাজশাহীর পবা উপজেলায় এক বাসা থেকে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ; ঘরে পাওয়া গেছে চিরকুট।  

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খড়খড়ি বামন শেখর এলাকার একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে মতিহার থানার এএসআই কালাম পরভেজ জানিয়েছেন। 

মৃতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মুনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (১৮ মাস)। 

স্থানীয়রা জানান, মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মিনারুল কৃষি কাজ করতেন। 

পুলিশ বলছে, মিনারুলের লাশ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার পাশে খাটে পড়ে ছিল ছেলের লাশ। আর তার স্ত্রী ও মেয়ের মরদেহ ছিল পাশের ঘরের বিছানায়।          

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, মিনারুলের লাশ যে ঘরে পাওয়া গেছে সেখান থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। 

“তাতে ঋণের কারণে আত্মহত্যা করার কথা লেখা আছে। তবে সেটা কার লেখা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।”