১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়লেন যুবদল নেতা

তিনি অস্ত্র মামলায় কারাগারে আছেন বলে জানায় পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

রাজবাড়ী সদর উপজেলার এক যুবদল নেতা প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজা পড়েছেন।

সোমবার বিকালে তিনি উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে জানাজায় অংশ নেন ব‌লে জানান রাজবাড়ী থানার ওসি মো. মাহামুদুর রহমান।

প্যারোলে মুক্তি পাওয়া মো. তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মোমিন পাটোয়ারী। তাজুল অস্ত্র মামলায় কারাগারে আছেন বলে জানায় পুলিশ।

ওসি মাহামুদুর রহমান বলেন, রোববার রাতে তাজুলের বাবার মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় বিকালে বাবার জানাজায় তাকে নিয়ে যাওয়া হয়। 

জানাজা শেষে তাকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।

গত ৯ নভেম্বর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও মো. আকাশ মোল্লাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে একটি দেশি পিস্তল, ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়।