২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এনসিপি নেতাকে গুলি: বেনাপোল সীমান্তে বিজিবির তল্লাশি

সীমান্তের যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থান সিলগালা করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

খুলনায় এনসিপি এক নেতাকে গুলির ঘটনায় জড়িতরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য যশোরের বেনাপোল সীমান্তে টহল ও তল্লাশি জোরদার করেছে বিজিবি।

সোমবার বেলা ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীমান্তের মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার এলাকায় তল্লাশি চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তের যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থান সিলগালা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি জোরদারের কথা জানিয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “মোতালেব শিকদারের ওপর হামলার ঘটনায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

বেনাপোলের আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া এবং পাঁচপিসতলা এলাকাসহ সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থানে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

দুপুরে গুলির ঘটনা শোনার পর থেকেই এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

এবার খুলনায় এনসিপি নেতাকে গুলি