গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা
“জাসদের রাজনীতি আমার পরিপন্থি। তাই আমি জুলাইয়ের আদর্শ ধারণ করতে এনসিপিতে যোগ দিয়েছি,” বলেন খুদি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলার অস্থায়ী কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাইবান্ধা পৌরসভার থানাপাড়ার এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিম, যুগ্ম আহ্বায়ক অতনু সাহা , যুগ্ম আহ্বায়ক আব্দুলাহ জিসান , যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানও উপস্থিত ছিলেন।
তারা বলেন, এনসিপির গাইবান্ধা জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করা হয়েছে। এটা জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী যোদ্ধাদের সঙ্গে বেঈমানি করা হয়েছে। তাই এনসিপির কার্যালয়ে তালা দেওয়া হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা বলেন, “খাদেমুল ইসলাম খুদিকে পুনর্বাসিত করায় জুলাই যোদ্ধাদের সন্মান ক্ষুণ্ন হয়েছে।”
জেলা এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হন নাই।
অন্যদিকে খাদেমুল ইসলাম খুদি বলেন, “আমি এখনও ঢাকায় অবস্থান করছি। এ ব্যাপারে কিছু জানি না।”
তিনি আরও বলেন, “আমার নিজের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। আমি কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। সব সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা অপকর্মের প্রতিবাদ করেছি। এমনকি তার দোসরদের সঙ্গেও আমার রাজনৈতিক কোনো যোগাযোগ নেই।
“জাসদের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট আমার পরিপন্থী। তাই আমি জুলাইয়ের আদর্শ ধারণ করতে এনসিপিতে যোগ দিয়েছি।”
