Published : 11 Dec 2025, 07:01 PM
‘চোর-ডাকাতদের’ বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হলেও আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই সুযোগ দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি বলেছেন, “খালেদা জিয়াকে আইনের ঠুনকো অজুহাত দেখিয়ে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে।”
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মাধবদীতে কাজিমউদ্দিন ফাউন্ডেশন আয়োজিত খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল এবং তিন হাজার নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, “শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় ১০ বছর সাজা দিয়েছে। ফরমায়েশী আদালতে রায় দিয়ে পরিত্যক্ত বাড়িতে রেখে ‘স্লো পয়জনিং’ করে তাকে হত্যার চেষ্টা হয়েছে। শেখ হাসিনা যে অন্যায়-অত্যাচার, নির্যাতন খুন-গুম করেছে, তাই নয়। তারা শেয়ার বাজারসহ দেশের ব্যাংকগুলোও লুটপাট করে বিদেশে বেগমপাড়া করেছে।”
তিনি বলেন, “আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনা হবে। দেশের কোনো নারী-শিশু না খেয়ে থাকবে না, তাদের আর কষ্ট করতে হবে না।”