২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ-৩: একই বংশ থেকে দুইজন এমপি প্রার্থী

প্রার্থীদের মধ্যে একজন গণঅধিকার পরিষদ থেকে এবং অন্যজন এনসিপির হয়ে লড়বেন।

গোপালগঞ্জ-৩: একই বংশ থেকে দুইজন এমপি প্রার্থী
গণঅধিকার পরিষদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বশার দাড়িয়া বাসু এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিফুল দাড়িয়া।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 06:50 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে একই বংশের দুইজন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে গণঅধিকার পরিষদ থেকে একজন এবং অন্যজন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে লড়বেন।

স্বজনরা বলছেন, একই বংশ থেকে দুইজন সংসদ সদস্য প্রার্থী, এটা সৌভাগ্যের। তবে একজন প্রার্থী হলে ভালো হত।

মনোনয়ন পাওয়ারা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের প্রয়াত দলিল উদ্দিন দাড়িয়ার ছেলে ও গণঅধিকার পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক আবুল বশার দাড়িয়া বাসু এবং একই গ্রামের মো. সিদ্দিক দাড়িয়ার ছেলে ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিফুল দাড়িয়া। তারা দূরসম্পর্কের চাচা-ভাতিজা।

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদ থেকে বাসুকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা পর থেকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেছে।

অপরদিকে বুধবার একই আসন থেকে প্রার্থী হিসেবে আরিফুলের নাম ঘোষণা করে এনসিপি। তার নাম ঘোষণার পর থেকে উপজেলাজুড়ে বিষয়টি ‘টক অফ দ্যা উপজেলায়’ পরিণত হয়েছে। 

উপজেলার মাঝবাড়ি গ্রামের সমাজসেবক রেয়াজুল দাড়িয়া বলেন, “একই গ্রামে দুইজন এমপি প্রার্থী, এটা আমাদের সৌভাগ্য। আমার জানা মতে, দাড়িয়া বংশ থেকে এই প্রথম এমপি পদে কেউ দাঁড়িয়েছে।”

একই গ্রামের বাসিন্দা নার্গিস বেগম বলেন, “আমাগো গ্রাম থেকে দুজন নির্বাচন করবে বলে শুনেছি। আমরা যারে ভালো ও যোগ্য মনে করব, তারে ভোট দেব।”

গণঅধিকার পরিষদের প্রার্থী বাসু বলেন, “যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ নির্বাচন করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। একই গ্রামে দুইজন নয়, পাঁচজনও প্রার্থী হয়ে আসতে পারেন।

“দল আমাকে প্রার্থী করেছেন। আমি দীর্ঘদিন ধরে জনতার কাছে গিয়ে গণসংযোগ করে আসছি। আশা করছি ভালো কিছু হবে।”

জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মো. আরিফুল দাড়িয়া বলেন, “দল আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি এলাকায় প্রচারণা শুরু করেছি। তবে একই গ্রামে দুইজন প্রার্থী হলেও, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।”

গোপালগঞ্জ-৩ আসনে এ দুই প্রার্থী ছাড়াও বিএনপি থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, জামায়াতে ইসলামী থেকে গোপালগঞ্জ জেলা কমিটির আমির এম এম রেজাউল করিম, ইসলামী আন্দোলন থেকে ইঞ্জিনিয়ার মারুফ শেখ দলীয় মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে তারাও নির্বাচনি প্রচার শুরু করেছেন।