২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপি শাহজাহান খান নিহতের ঘটনায় হত্যা মামলা

ঘটনার প্রায় দুই বছর পর নিহতের বড় ছেলে সদর থানায় মামলাটি করেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 01:18 AM

Updated : 26 Aug 2026, 10:33 AM

হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।

প্রায় দুই বছর পর বৃহস্পতিবার রাতে নিহতের বড় ছেলে, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপুল খান মামলাটি করেন বলে সদর থানার ওসি মো. জসিম জানান।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ ৩৬ জনের নাম উল্লেখ ছাড়াও এক থেকে দেড়শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে একদিন আগে মোটরসাইকেল যাচ্ছিলেন শাহজাহান খান ও নেতকর্মীরা।

পথে সদর উপজেলার পটুয়াখালী-বরিশাল সড়কের শিয়ালী এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শাহজাহান খানদের ওপর হামলা চালায়। 

এতে গুরুতর আহত শাহজাহান খান ২৩ দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মামলার বাদী শিপুল খান বলেন, “আমার বাবাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করেছে। আমার বাবা একজন সিনিয়র রাজনৈতিক নেতা ও সফল ব্যবসায়ী ছিলেন। এই শহরে সিনিয়র সিটিজেনদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কাউকে অসম্মান করার ঘটনাও ঘটেনি। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর আমার বাবার ওপর হামলা করিয়ে এক অপরাজনীতি শুরু করেছেন। আশা করছি, আদালতের মাধ্যমে আমি পিতার হত্যার সঠিক বিচার পাবো।”

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।” 

যদিও গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় অধিকাংশ নেতাকর্মী পলাতক রয়েছেন।