নিষিদ্ধ সময়ে মাছ ধরতে যাওয়া জেলে নৌকায় মিলল ‘মাদক’
অভিযানের সময় নৌকা রেখে দুই জেলে পালিয়ে যান।
বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাছ ধরা নৌকায় মিলল ইয়াবা। এছাড়া অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়েছে।
বুধবার বিকালে এ অভিযান চালানো হয় বলে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানিয়েছেন।
তিনি বলেন, “সন্ধ্যা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরার জন্য জাল ফেলছিল জেলেরা। এ সময় যৌথবাহিনী অভিযান চালায়। তখন নৌকা ফেলেই দুই জেলে পালিয়ে যান তারা।
“পরে নৌকায় তল্লাশি চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জালের সঙ্গে ১৭৫টি ইয়াবাও পাওয়া যায়। কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর মাদক জব্দের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।”
উজিরপুর মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় মামলা করা হয়েছে। তদন্ত করে জড়িতদের খুঁজে বের করা হবে।”
মা ইলিশ রক্ষায় গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা নদীসহ অভয়াশ্রম এলাকায় মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। ওই সময় পর্যন্ত নদীতে মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ থাকবে।
