কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জনকে ঠেলে দিল বিএসএফ
‘পুশইন’ করাদের মধ্যে ফেনী সীমান্তে ৩৯ জন এবং কুমিল্লা সীমান্তে ১৩ জনকে আটক করেছে বিজিবি।
কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ ৫২ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে বলে জানিয়েছে বিজিবি।
বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত তাদের ‘পুশইন’ করা হয়; যাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ নারী ও ১৮ জন শিশু রয়েছে।
এর মধ্যে কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জন এবং ফেনী সীমান্ত দিয়ে ৩৯ জনকে ঠেলে দেওয়া হয় বলে জানান বিজিবি-১০ কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানিয়েছে বিজিবি।
কুমিল্লা সীমান্ত দিয়ে আসারা হলেন- মো. জাহিদুল ইসলাম (৩৭), মোসা. মরিয়ম বেগম (৩৭), মো. মাহাবুর রহমান (৩০), হালিমা খাতুন (২৫), মো. শাহজালাল (৩৫) এবং মোছা. মাহমুদা (৩০)। বাকি সাতজন শিশু ও কিশোর। তারা কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল এজাজ বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহলদল ৫২ জনকে আটক করেছে। ফেনী-৪, কুমিল্লা-১০ এবং ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদেরকে আটক করেছে।
ফেরত আসাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে বিজিবি জানায়, জাহিদুলের পরিবার ছয় বছর আগে, মাহবুবের পরিবার ১১ বছর আগে এবং শাহজালালের পরিবার ১২ বছর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
তারা ভারতের হরিয়ানা রাজ্যের শনিপথ এলাকায় একটি ইট ভাটায় কাজ করতেন। ১০ থেকে ১৫ দিন আগে তাদেরকে আটক করে বিমানে আগরতলায় নেওয়া হয়। সেখান থেকে তাদেরকে কুমিল্লা ও ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশইন’ করে বিএসএফ।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা বলেন, ভারত থেকে আসা তিন পরিবারের ১৩ জনকে আপাতত বিজিবি তত্ত্বাবধানে সদর উপজেলায় রাখা হয়েছে।
“প্রাথমিকভাবে জানা গেছে তারা কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার বাসিন্দা। তবে তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই চলছে। পরবর্তীতে ঠিকানা অনুযায়ী তাদেরকে পাঠানো হবে।”
এদিকে ফেনী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ নারী ও শিশুসহ ৩৯ জনকে ‘পুশইন’ করিয়েছে; যাদের আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়ার ও ফুলগাজী উপজেলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক হয় বলে জানান বিজিবি ফেনী-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
পরে আটকদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ২৪ জনকে ‘পুশইন’ করে বিএসএফ। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আটকরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। ২৪ জনের মধ্যে ১৩ শিশু, পাঁচ নারী ও ছয়জন পুরুষ রয়েছে।
এ ছাড়া বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের সদস্যরা ফুলগাজী সীমান্তে আরও ১৫ জনকে আটক করেছে বলে জানায় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিজিবি ফেনী ব্যাটেলিয়ান দুই উপজেলা সীমান্তে ২৪ জনকে আটক করা হয়। এ ছাড়া ফেনী সীমান্তের কিছু অংশের দায়িত্বপ্রাপ্ত বিজিবি ১০ ব্যাটালিয়ন আরও ১৫ জনকে আটক করেছে।
আটকদের মধ্যে ২৭ জনকে ফুলগাজী থানায় এবং ১২ জনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ফুলগাজী থানার ওসি মোহাম্সদ লুৎফর রহমান বলেন, সীমান্তে আটক ২৭ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তারা থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ছাগলনাইয়া সীমান্তে আটক ১২ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটকরা ভারতের হরিয়ানা এলাকার বাসিন্দা।
বর্তমানে তারা ছাগলনাইয়া থানার তত্ত্বাবধানে রয়েছেন। এদের মধ্যে কয়েকজন হিন্দু ও মুসলমান। তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
