ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলার বিচার চাইলেন শিক্ষক-শিক্ষার্থীরা
বুধবার রাতে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটে।
ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনজুরুল ইসলামের ওপর হামলায় দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরে কলেজের সামনে এক মানববন্ধন থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা এই দাবি জানান।
মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার শহরের বাসভবন থেকে এশার নামাজের জন্য বের হন। এ সময় কলেজের সামনে একটি মোটরসাইকেল থেকে নেমে একজন লোহার রড দিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা বলতে পারেননি কেউ।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে। এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
