২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ধানক্ষেতে পড়েছিল চালকের গলাকাটা লাশ, পাশে অটোরিকশা

আগের দিন রাতে অটোরিকশা নিয়ে বের হয়ে ফজলুর আর বাড়ি ফেরেননি বলে জানান স্বজনরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 05:36 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

পাবনার বেড়া উপজেলায় ধানক্ষেত এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ পাওয়া গেছে। এ ছাড়া লাশের পাশেই পড়েছিল অটোরিকশাটি।

শুক্রবার ভোরে উপজেলার বড়শিলা গ্রামে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র।

নিহত ফজলুর রহমান ফজু (৪৫) বেড়া পৌরসভার হাতিগাড়া গ্রামের প্রয়াত মান্নানের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ফজলুর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। মধ্যরাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। 

এদিন ভোরে বড়শিলা গ্রামের ধানক্ষেতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ফজলুরের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

পুলিশ জানায়, মৃতদেহের পাশেই ফজলুরের অটোরিকশাটি পাওয়া গেছে। ঘটনাটি কেবল ছিনতাইয়ের উদ্দেশে সংঘটিত হত্যাকাণ্ড নাও হতে পারে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি নিতাই চন্দ্র বলেন, “হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছি। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

ফজলুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।