উত্তরের মহাসড়ক ফাঁকা, ‘২ ঘণ্টায় ঢাকা থেকে সিরাজগঞ্জ’
শুক্রবার দুপুরের দিকে সাধারণ সময়ের চেয়েও কম যানবাহন চলাচল করছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
ঈদযাত্রায় যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ থেকে উত্তরাঞ্চলের মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ মহাসড়কে ঢাকা ও উত্তরাঞ্চল উভয়মুখি যানবাহন চলাচল কমতে শুরু করে। শুক্রবার দুপুরের দিকে সাধারণ সময়ের চেয়েও কম যানবাহন চলাচল করছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
বাসের চালক রুবেল সেখ বলেন, “পোশাক কারখানা পর্যায়ক্রমে ছুটি দেওয়ায় লোকজন আগেই বাড়িতে চলে গেছে। ঈদ শনিবারে হওয়ায় যাত্রীর চাপ আরও কম। যে কারণে ঢাকা ও উত্তরাঞ্চলমুখি উভয় লেনেই যানবাহন কম।
ফাঁকা মহাসড়কে মাত্র ৮-১০ জন যাত্রী নিয়ে ঢাকার বাইপাইল থেকে শুক্রবার সকাল ৮টায় রওনা দিয়ে ১০টার মধ্যে মাত্র দুই ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি পথ পারি দিয়ে সিরাজগঞ্জ শহরের পৌঁছান বলেও জানান তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন শুক্রবার দুপুর ১২টার দিকে বলেন, “ঢাকার দিক থেকে উত্তরের পথে কিছুক্ষণ পর পর ব্যক্তিগত গাড়ি ও দুই-একটা করে বাস আসছে। কিন্তু উত্তরাঞ্চল থেকে ঢাকামুখি মহাসড়কে যানবাহন নেই বললেই চলে। আমরা অনেকটা অলস সময় অতিবাহিত করছি।”
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “বুধবারের তুলনায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ছয় হাজারের মত যানবাহন কম পারাপার হয়েছে। যা ক্রমশ আরো কমতে শুরু করেছে।
“বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেতু দিয়ে ১২ ঘণ্টায় ২৪ হাজার যানবাহন পারাপার হয়েছিল। আর শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় সেতুর উভয় লেন দিয়ে পারাপার হয়েছে ১০ হাজার ৫০০টি যানবাহন। যা স্বাভাবিক সময়ের চেয়েও কম।”
তিনি বলেন, বুধবার ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় তিন কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা।
এদিন ঢাকা থেকে উত্তরাঞ্চল লেন দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৩১ হাজার ৮৯৫টি এবং উত্তরাঞ্চল থেকে ঢাকায় প্রবেশ করেছে ১৩ হাজার ৭১৫টি যানবাহন।
