৫ দফা দাবিতে রাবি গণতান্ত্রিক ছাত্র জোটের গণস্বাক্ষর
৮ জুলাই একই দাবিতে সংবাদ সম্মেলন করেছিল গণতান্ত্রিক ছাত্র জোট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য, আবাসন ও চিকিৎসা সংকট সমাধানে পাঁচ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্র জোট’।
বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বুথ বসিয়ে স্বাক্ষর সংগ্রহ শুরু হয়।
নেতারা জানান, আগামী সাত দিন বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হলসহ বিভিন্ন স্থানে স্বাক্ষর সংগ্রহ চলবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- শতভাগ আবাসিকতা নিশ্চিত, গণরুম চালু রাখা ও অধ্যাদেশ অনুযায়ী সিট বরাদ্দ, প্রভোস্ট স্বাক্ষরের ৫০ টাকার ফি বাতিল, হল ডাইনিংয়ে ক্যাটারিং ব্যবস্থা তুলে পুষ্টিকর খাবার সরবরাহ এবং কয়েকটি সড়ক দ্রুত সংস্কার।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবায় ২৪ ঘণ্টা কার্যক্রম চালু, পর্যাপ্ত জনবল, অ্যাম্বুলেন্স, ওষুধ সরবরাহ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ফার্মেসি স্থাপনের দাবিও জানানো হয়।
জোট নেতারা রাকসু নির্বাচন আয়োজন, সন্ত্রাস ও সাইবার বুলিং প্রতিরোধে স্বাধীন সেল গঠন এবং কোরআন পোড়ানো, হাতবোমা হামলা ও ছাত্র জোটের কর্মসূচিতে হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা নিয়েই কাজ করছি। সাধারণ শিক্ষার্থীরাও আমাদের দাবিতে ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে।”
তিনি বলেন, “পরবর্তী পর্যায়ে আবাসিক হলগুলোতেও গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। শিক্ষার্থীদের সমর্থন যাচাই করে প্রশাসনের কাছে দাবিগুলো পেশ করা হবে। দাবি না মানলে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এর আগে ৮ জুলাই একই দাবিতে সংবাদ সম্মেলন করেছিল গণতান্ত্রিক ছাত্র জোট।
