২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা সড়কে এসেছে: ফরিদা আখতার

বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 05:44 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

সরকার চিকিৎসার ক্ষেত্রে ভুল-ত্রুটি করেছে বলেই আহতরা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেছেন, “সরকারের পক্ষ থেকে ভুল-ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যে কোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর।”

বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ফরিদা আক্তার বলেন, “ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পায়নি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। 

“এ ছাড়া জুলাই-আগস্ট বিপ্লবের আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে সচেষ্ট। কারণ, আহতদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের ত্যাগের কারণেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা আবারো তাদের সঙ্গে বসবো। আশা করছি, সেখানে একটি ভালো সমাধান আসবে।”

এর আগে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান ফরিদা আক্তার বলেন, এই প্রতিষ্ঠানকে আরো জনসম্পৃক্ত হিসেবে গড়ে তুলতে হবে। শুধু টেলিভিশনে প্রচারে সীমাবদ্ধ না থেকে, প্রান্তিক পর্যায়ে কৃষকরা যেন সুবিধা ভোগ করতে পারে তার সুব্যবস্থা করতে হবে। 

সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বিএলআরআইয়ের বিভিন্ন গবেষণা প্রকল্প ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন। 

অনুষ্ঠানের শুরুতে সভায় প্রতিষ্ঠানের গবেষণার সফলতা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন বিএলআরআইয়ের মহাপরিচালক শাকিলা ফারুক। 

মহাপরিচালকের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।