আগামী নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা
সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়-ভীতির জায়গা আছে। কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি-দাওয়া নিয়ে সামনে আসছে। তারা কখনো বলছে, নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন করবে না। কখনো বলছে, নির্বাচনের আগে গণভোট না হলে তারা নির্বাচন করবে না। আবার কখনো বলছে, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে।
“স্বাধীনতার ৫৩ বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে তাদের অনেকেই সেই সুযোগ-সুবিধা ছাড়তে রাজি না। তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।”
নিজের নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ঘোষণা না করায় স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১৭ বছর তিনি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। সব সময় দল ও দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই নেতাকর্মী ও সাধারণ মানুষের সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্তে নির্ভর করবে আগামী দিনে তার রাজনীতি কোন পথে যাবে।
বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিস্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে। পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি।
সভায় পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
