২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘আপত্তিকর’ অবস্থায় দেখে যুবককে কুপিয়ে হত্যা

এ ঘটনায় আহত গৃহবধূ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 11:55 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে অন্য পুরুষকে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে ওই যুবক মারা গেছেন।

সোমবার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। 

নিহত আশরাফুল বিশ্বাস (৩০) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রাম গ্রামের ওয়াহাবের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আহত তাসলিমাকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে তাসলিমার স্বামী আজিজ পলাতক আছেন।

আজিজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি প্রায় এক যুগ আগে চন্নাপাড়া এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তিনি রাজমিস্ত্রীর ঠিকাদার হিসেবে কাজ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, তাসলিমা বাড়ির পাশে এস এস ফ্যাশন পোশাক কারখানায় চাকরি করতেন। ওই কারখানায় চাকরি করার সুবাদে আশরাফুলের সঙ্গে তার পরিচয় হয়। আশরাফুল বিভিন্ন অযুহাতে তাসলিমার বাসায় আসা যাওয়া করতেন।

এক পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি সন্দেহ হলে আজিজ তাসলিমাকে একাধিকবার নিষেধ করেন। আশরাফুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে স্বামীর কাছে অস্বীকার করেন তাসলিমা।

স্থানীয়দের বরাতে ওসি জয়নাল আবেদীন বলেন, “সোমবার সকাল ৯টার দিকে আজিজ কাজে যাওয়ার কথা বলে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিয়ে খুলে ফেলেন তিনি। এ সময় তাসলিমা ও আশরাফুলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়।

“পরে খাটের নিচে রাখা দা দিয়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান আজিজ। এতে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। গুরুতর আহত তাসলিমাকে হাসপাতালে পাঠানো হয়।”

খবর পেয়ে পুলিশ আশরাফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ওসি জয়নাল আবেদীন।