২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান: অনুষ্ঠান থেকে সাংবাদিককে বের করে মারধরের অভিযোগ

উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বাইরে এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 10:14 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে এক সাংবাদিককে বের করে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বেসরকারি স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি আহত মোহাম্মদ জুবাইরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।  

বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বাইরে এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান। 

আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। তখন ওসির বক্তব্য চলছিল এবং তিনি ভিডিও ও ছবি ধারণ করছিলেন। 

“হঠাৎ শামীম নামে এক বিএনপি কর্মী আমাকে টেনে বাইরে নিয়ে যান এবং মোটরসাইকেলে উঠতে বলেন। আমি অস্বীকৃতি জানালে কয়েকজন মিলে মারধর শুরু করেন। আমার মাথায় আঘাত করে তারা।”

এক প্রশ্নের জবাবে জুবাইর বলেন, “কেন আমাকে মারধর করা হয়েছে, তা জানি না। আমি নিজেও জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। সাংবাদিকতা আমার পেশা। আমার সংবাদ প্রতিবেদন বা লেখালেখিতে ক্ষুব্ধ হয়ে তারা আমার ওপর হামলা করেছে বলে ধারণা করছি। হামলাকারীদের সবাইকে চিনতে পারিনি, তবে তারা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী।”

জুবাইর বলেন, মাথায় আঘাতের কারণে এখানকার চিকিৎসক সিটি স্ক্যান করতে বলেছেন।  

এ সময় অডিটোরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ, উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম আহ্বায়ক নুরজ্জামান বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্যসচিব সোলায়মান সরকার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী বলেন, “আমরা সবাই অডিটোরিয়ামের ভেতরে ছিলাম। হঠাৎ বাইরে গোলযোগের খবর পেয়ে ওসিসহ বের হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। 

“এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। যারা জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, সাংবাদিকের ওপর হামলার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।