২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সিরামিকস কারখানার ট্যাংক পরিষ্কারে নামা একজনের সাড়াশব্দ না পেয়ে অন্যজনও সেখানে নামলে জ্ঞান হারিয়ে ফেলেন।

ময়মনসিংহে পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 03:28 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি কারখানার পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার সিডস্টোর এলাকার ‘এক্সিলেন্ট সিরামিকস কারখানায়’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি।

নিহতরা হলেন- খুলনা জেলার শফিকুল ইসলাম (৩০) ও নেত্রকোণা জেলার রুমেল (২৫)। তারা বহিরাগত শ্রমিক ছিলেন।

ইমারত গাজি বলেন, ওই দুই শ্রমিক কারখানাটির নিয়মিক শ্রমিক না। তারা দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সকাল ১০টার দিকে তারা সিরামিকস কারখানার পানি পরিশোধনাগার ট্যাংক পরিষ্কার করছিলেন। 

তাদের মধ্যে শফিকুল প্রথমে ওই ট্যাংক পরিষ্কার করতে নামেন। নামার পর শফিকুলের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমেল তার সন্ধানে ট্যাংকে নামেন। এক পর্যায়ে তারা ট্যাংকের ভেতর অজ্ঞান হয়ে পড়েন। 

বিষয়টি অন্যান্য শ্রমিকরা টের পেয়ে তাদের উদ্ধার প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এসআই সুজাউদ্দিন বলেন, সিরামিকস কারখানার পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বলেন, “বর্তমানে কারখানার পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”