কক্সবাজারে বজ্রপাতে প্রাণ গেল কিশোরীর
বাড়ির উঠানে শুকাতে দেওয়া কাপড় তুলতে গিয়ে বজ্রপাতে রোকসানার শরীর ঝলসে যায় বলে জানান ইউপি সদস্য।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ির উঠানে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইউপি সদস্য আরজু আরা বেগম।
মৃত্যু রোকসানা আক্তার (১৭) ওই এলাকার জাকের আহমদের মেয়ে।
ইউপি সদস্য আরজু আরা বেগম বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পর বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির উঠানে শুকাতে দেওয়া কাপড় তুলতে গিয়ে বজ্রপাতে রোকসানার শরীর ঝলসে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি।
চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঘটনাটি শুনেছেন তিনি। লাশ বাড়িতে রয়েছে।
