ময়মনসিংহে ‘জমি নিয়ে বিরোধে’ দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত
এতে আহত হয়েছেন আরও তিনজন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ‘জমি নিয়ে বিরোধের’ জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকালে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার ওসি টিপু সুলতান।
নিহত মো. রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের প্রয়াত হাসেম আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা রুবেল সরকার বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিম বালিখা গ্রামের সুজাত দেওয়ানের সঙ্গে একই এলাকার খলিলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও চলমান আছে।
সেই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রফিকুল ইসলাম মারা যান; আহত হন আরও তিনজন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি টিপু সুলতান বলেন, লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
