প্রধানমন্ত্রীর সফর: ইপিজেডসহ বড় উন্নয়ন প্রকল্প চায় চাঁদপুরবাসী
দাবির মধ্যে রয়েছে চাঁদপুরে একটি ইপিজেড স্থাপন, মেঘনা নদীর পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখা।
২২ বছর পর তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তার এ সফরে চাঁদপুরে ইপিজেড স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানাবেন স্থানীয়রা।
শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক।
তিনি বলেন, শনিবারের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
মানিক বলেন, চাঁদপুরবাসীর পক্ষ থেকে ইপিজেড স্থাপন, মেঘনা নদীর পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজ চালিয়ে নেওয়ার দাবি জানানো হবে।
তার ভাষ্য, “চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড করা সম্ভব। এটি হলে অন্তত দেড় লাখ মানুষের কর্মসংস্থান হবে। এতে আশপাশের জেলার অর্থনীতিও উপকৃত হবে।”
অর্থনৈতিক অঞ্চল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অনুমোদিত অর্থনৈতিক অঞ্চলের কাজ চলবে। পাশাপাশি ইপিজেড স্থাপনের দাবিও থাকবে।
কর্মসূচি অনুযায়ী, শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তারেক রহমান। পরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এ ছাড়া বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। পরে সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ উপস্থিত ছিলেন।
২০০৪ সালে সর্বশেষ চাঁদপুর সফর করেছিলেন তারেক রহমান।
