Published : 25 Jun 2026, 07:37 PM
নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান নরসিংদী সদর মডেল থানার ওসি এ আর এম মামুন।
আটক মোহাম্মদ আলী (২৫) ওই এলাকার আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, সকালে ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামে একটি ফেইসবুক পেইজ থেকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওটি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরের গলায় দড়ি বেঁধে এবং সেই দড়ির সঙ্গে একটি ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দিচ্ছেন।
ওসি এ আর এম মামুন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে।