২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

মজুদ করা তেল সাত দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেন ইউএনও।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 08:11 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা ৩টার দিকে উপজেলার শেরকোল বাজারের মেসার্স আশা ট্রেডার্সের মালিককে এ জরিমানা করা হয় বলে নির্বাহী হাকিম ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানিয়েছেন।

তিনি বলেন, গোপন খবর পেয়ে আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুদামে তল্লাশি করে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, পাঁচ ব্যারেল অকটেন, দুই ব্যারেল পেট্রোল এবং দুই ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সব মিলিয়ে সেখানে ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়।

এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে আশা ট্রেডার্সের মালিক আলতাফ শেখকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয় বলে জানান ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।

মজুদ করা তেল সাত দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয় বলে জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা।