বরিশালে জ্বালানি তেলের লরিতে আগুন
সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদীর ইউএনও মো. ইব্রাহীম জানান।
বরিশালের গৌরনদী উপজেলায় একটি পেট্রোল পাম্পে তেল নামানোর সময় ট্যাংক লরিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় গৌরনদী পৌরসভার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা ডিপো থেকে তেল নিয়ে লরিটি পাম্পে এসেছিল। লরি থেকে তেল খালাসের সময় হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন চালক দক্ষতার সঙ্গে লরিটি ফিলিং স্টেশন থেকে বের করে সামনে রাস্তায় নিয়ে আসেন।
সেখানে একটি থ্রি হুইলার এবং একটি মোটরসাইকেল ছিল। এ দুটি যান পুড়ে গেছে। আরেকটি মোটরসাইকেলের ক্ষতি হয়েছে।
এ ছাড়া লরির বাইরের রং পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, “আনলোডের সময় স্পার্কিংয়ের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাংকিতে যেতে পারেনি। লরির তিন চেম্বারে সাত হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল ছিল। একটি চেম্বারে আগুন লাগে। তবে এতে জ্বালানি তেলের কোনো ক্ষতি হয়নি।
