কুমিল্লার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ভারতীয় ২ নাগরিক আটক
বিজিবি জানায়, তাদের কাছ থেকে চারটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়েছে।
কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
রোববার বেলা ২টার দিকে ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন-ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানা শুভাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) ও একই গ্রামের প্রয়াত আয়ুব আলীর ছেলে মো.দেলোয়ার হোসেন (১৮)।
মামলা দায়েরের পর ভারতীয় ওই দুই নাগরিককে রোববার কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান।
লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, “বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
“এ সময় বিজিবি টহল দল সীমান্ত পিলার ২০৮৪/৭-এস থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে শাহাপুর এলাকা থেকে চারটি বিয়ারের ক্যানসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ওই দুই ভারতীয় নাগরিককে আটক করে।”
আটকদের কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
