২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে আরেকটি বড় যুদ্ধ: তারেক রহমান

ষড়যন্ত্রের মধ্যেও একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন তিনি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 10:58 PM

Updated : 26 Aug 2026, 11:14 AM

স্বৈরাচারের পতনের পর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “কী সেই যুদ্ধ? সেই সংগ্রাম, সেই আন্দোলন? বিগত ১৬ বছর এই দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল; মানুষের সমর্থন নিয়ে সেই সব অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে এখন প্রতিষ্ঠিত করতে হবে। একজন সাধারণ মানুষ নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে, যা কল্পনা করে, সেরকম একটি দেশ আমাদের গড়ে তুলতে হবে।”  

সোমবার বিকালে নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছড়ি মাদ্রাসা মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ‘ক্রস ফায়ারে’ নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, “গোলাম রাব্বানী শুধু একজন নন, গত ১৫ বছরে সারা বাংলাদেশে এই রকম হাজারো গোলাম রাব্বানীকে হত্যা করা হয়েছে এবং লাখ লাখ পরিবারকে নির্যাতন করেছে পলাতক স্বৈরাচার।”

২০১৪ সালের ১৫ জানুয়ানি ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঠনঠনিয়া গ্রামের মামার বাড়ি থেকে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীকে তুলে নিয়ে যায় র‌্যাব। তিন দিন পর ১৮ জানুয়ানি সকালে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের কাছে নীলফামারী-ডোমার সড়কে গোচামারী ব্রিজের পাশ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। দলের সহযোগিতায় তার পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। 

সেই বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “আজ এখানে আমরা উপস্থিত হয়েছি, গোলাম রাব্বানীর পরিবারকে একটি বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য। আমি আগেই বলেছি, আপনারা নিজেরাও জানেন, এই মুহূর্তে সারা বাংলাদেশে হাজারো গোলাম রাব্বানীর পরিবারের মত পরিবার আছে।”

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সেই মতপার্থক্য এমন কোনো পর্যায়ে যেন না পৌঁছায়, যার ফলে দেশ ক্ষতিগ্রস্ত হবে; দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কোনোভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি যেন না হয়, এ ব্যাপারে আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে।” 

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি বলেন, “আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সরকারকে বিএনপিও সমর্থন করেছে। কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যায়, তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি যেন পালন করেন।”

তিনি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করে বলেন, “ব্যবসায়ী কেন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে? শ্রমিক অসন্তোষ হচ্ছে কেন? জিনিসপত্রের দাম কমাতে পারছেন না? সোনালি মুরগির দাম মাত্র ২ দিনে ৩০ টাকা, ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বাড়বে কেন?”

দেশের অর্থনীতির বিষয়ে তিনি বলেন, “মুদ্রা সংকোচন নীতি নিয়েছেন ভালো কথা। কিন্তু কমানোর জন্য এমন সংকোচন নীতি নিয়েন না। ব্যাংক থেকে যদি মানুষ টাকা না পায় তাহলে ব্যবসা-বাণিজ্য করবে কী করে? একটা মধ্যমপন্থা অবলম্বন করতে হবে।”

সংবিধানকে একটি জাতির আত্মজীবনী মন্তব্য করে রিজভী বলেন, “সেটা সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে। যে ফ্যাসিজমের বৈশিষ্ট্য আছে, সংবিধান থেকে ওটা বাদ দেওয়া যেতে পারে। সেটা তো রাজনৈতিক দায়িত্ব। রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে, তারা এটা করবে। হঠাৎ সব বাতিল করে দিলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়।”   

‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনে আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, নিহত বিএনপি নেতা গোলাম রব্বীর মেয়ে রহমত জাহান রিক্তা ও স্থানীয় নেতারা।

একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার নিহত ১২ জনের পরিবারকে অর্থ সহযোগিতা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।