গাইবান্ধায় জমির বিরোধে ভাইয়ের হাতে খুন
স্থানীয়রা জানান, জমির বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি।
গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ছোট ভাইদের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন।
শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার সৎ ভাইদের মারপিটে আহত হন তিনি।
নিহত আবদুল মমিন প্রধান (৬২) উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়নসুখ গ্রামের প্রয়াত আলম উদ্দিন প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের বাবা দুই বিয়ে করেন। প্রথম স্ত্রীর এক ছেলে আবদুল মমিন প্রধান; দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে আমিরুল প্রধান ও আনোয়ারুল প্রধান।
দীর্ঘদিন ধরে সৎ দুই ভাইয়ের সঙ্গে মমিন প্রধানের ৬ শতক জমি নিয়ে দ্বন্দ্ব ছিল।
বিষয়টির সমাধানের জন্য স্থানীয়রা একাধিকবার সালিশ করেন।
স্থানীয়রা জানান, সবশেষ শুক্রবার সকালে এ নিয়ে আবারও সালিশ-বৈঠক ডাকা হলেও অমীমাংসিত অবস্থায় বৈঠকটি শেষ হয়। পরে বিকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আব্দুল মমিনকে সৎ ছোট ভাই আমিরুল ও আনোয়ারুল বেধড়ক মারপিট করেন।
পরে প্রতিবেশি ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার সকালে তিনি মারা যান।
সন্ধ্যায় গাইবান্ধা সদর থানার এসআই মিজান মিয়া বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সায়েল মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
