গাজীপুরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী
“সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হচ্ছে।”
নিরাপত্তার হুমকি পাওয়ার কথা জানিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে নেমেছেন গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন।
বিএনপির থেকে বহিষ্কৃত মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক) আসনে থেকে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার শ্রীপুরের পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মিলন বলেন, সম্প্রতি মোবাইল ফোনে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। তাই ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে বুলেটপ্রুফ জ্যাকেট পরে বাড়ি থেকে বের হয়েছেন তিনি।
তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হচ্ছে।”
ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এবং গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০২৪ সালে বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
গণসংযোগকালে ভোটারদের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, “ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে ইতিবাচক সাড়া পেয়েছি, যা আমাকে নির্বাচনি প্রচারে আরো উৎসাহিত করছে।”
নিজের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
