ঝালকাঠিতে বিএনপি ও যুবদলের তিন নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানান হয়।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠিতে বিএনপি ও যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
দুটি প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
বহিষ্কৃতরা হলেন- সদর উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মো. বাহাদুর গাজী, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন শাহীন।
শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে শামীম তালুকদার ও মো. সালাউদ্দিন শাহীনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও জানান হয় বিজ্ঞিপ্তিতে।
অপরদিকে ঝালকাঠি জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সদর উপজেলা বিএনপির প্রতিবেদন-সুপারিশ অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মো. বাহাদুর গাজীকে দলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন এর মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও জানান হয় বিজ্ঞিপ্তিতে।
এর আগে শেখ হাসিনার সরকারের পতনের খবরের পর জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর হয়। অভিযোগ উঠেছে, অনেকে হামলাকারীদের মোটা অংকের টাকা দিয়ে রক্ষা পায়।
দলীয় নেতাকর্মীদের কেউ এমন চাঁদা তোলার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও কঠোর হুঁশিয়ারী করে আসছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
