২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র গণমঞ্চের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

হামলায় ছাত্রদল জড়িত বলে অভিযোগ তোলা হলেও সংগঠনটির নেতারা তা অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 11:19 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের সদস্যসচিব নাফিস আহমাদ শাওনের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

মঙ্গলবার বিকাল ৪টায় ক্যাম্পাসের লিপুস ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

ছাত্র গণমঞ্চের অভিযোগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সহসভাপতি আনোয়ারের নেতৃত্বে শাওনের ওপর হামলা চালানো হয়েছে।

আহত নাফিস আহমাদ শাওন বলেন, সোমবার শহীদ তিতুমীর হলের সিট কেন্দ্রিক হাতাহাতি থামাতে গেলে তার ওপর হামলা করা হয়। হামলায় তার ডান হাতের কবজি ভেঙে গেছে।

ঘটনার বিবরণ দিয়ে সমাবেশে ছাত্র গণমঞ্চের যুগ্ম আহ্বায়ক নিঘাত রৌদ্র বলেন, “প্রশাসন হামলাকারীদের মদদ দিচ্ছে। কোনো অপরাধেরই বিচার করা হয় না। এবার প্রশাসন যথাযথ বিচার না করলে আমরা প্রশাসনের বিচার করব।”

হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, “শাওনের ওপর কোনো হামলার ঘটনায় আমি বা আমার কেউ জড়িত নই। ঘটনাস্থলে সে ছিল কিনা তাও আমি জানি না। তবে হাসপাতালে আমি নিজেই তাকে দেখতে গিয়েছিলাম।”

সমাবেশ থেকে আগামী কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক শান্ত শাহরিয়ার।