এনসিপি নেতার ওপর হামলা চেষ্টা: গ্রেপ্তার ২
নিরাপত্তা শঙ্কায় ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন এনসিপির এ প্রার্থী।
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলা চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা সদরের সিদ্দিকের ছেলে ২৪ বছর বয়সী আল আমিন ওরফে আক্কা-বাক্কা আল আমিন এবং ফতুল্লার চর কাশিপুরের আইয়ুব আলীর ছেলে ২২ বছর বয়সী মারুফ।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে আল আমিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
আলামিন পতু কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।
তিনি বলেন, “আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কার নির্দেশে সে এই ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।”
বুধবার সন্ধ্যায় বাঁশমুলি এলাকায় গণভোটের গণসংযোগকালে এনসিপির প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আলামিনের ওপর হামলার চেষ্টা হয়। এ সময় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন আলামিন।
আলামিন বলেন, তিনি গণভোট নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন কর্মী নিয়ে হেঁটে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলেন। এক পর্যায়ে এক তরুণ তাদের অনুসরণ করছিলেন। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করে পোশাকের ভেতর একটি চাপাতি পাওয়া যায়।
তার ভাষ্য, “ওই ছেলের কাছে চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে বলেন, এক লোক নাকি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহূর্তের মধ্যে ওই ছেলের সঙ্গে বেশকিছু লোকজন জড়ো হয়। তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলেন।”
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, বুধবার রাত ২টার দিকে চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এনসিপি নেতার ওপর হামলার চেষ্টা করার ঘটনার মারুফ হাসানকে আটক করা হয়েছে।
তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথাও জানান র্যাব-১১ এর উপপরিচালক আব্দুর রশিদ।
থানায় জিডি
জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি রেকর্ড করা হয় বলে জানান এ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
জিডিতে আলামিন লিখেছেন, তাকে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে প্রাণ-নাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। গালাগালিও করা হয়েছে তাকে। এছাড়া তার সংগঠনের নেতা-কর্মীদেরও বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে।
এতে এ সংসদ সদস্য প্রার্থী নিজে এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
