রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে মশাল মিছিল
মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম, মো. আকরাম হোসেন, এস এম কামরুল ইসলাম, ফাতেমা রহমান বিথী এবং মো. শেরশাহ বক্তব্য দেন।
বক্তারা বলেছেন, সংবাদমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেননি। এটি সম্পূর্ণ মিথ্যা। তার পদত্যাগসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের শাস্তি দাবি করেন বক্তারা।
এদিকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধসহ ‘জুলাই গণহত্যায়’ নিহতের বিচারের দাবিতে সিরাজগঞ্জে মশাল মিছিল হয়েছে।
সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের ইসলামিয়া কলেজ থেকে মিছিলটি শুরু করে বাজার স্টেশনে মুক্তির সোপানে এসে সমাবেশ করেন তারা।
এ সময় সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ইয়াসির আরাফাত ইশান, টি এম মুশফিক সাদ, সাদিয়া আহমেদ সিনহা, সজীব সরকার এবং জুবায়ের আহমেদ সেজান বক্তব্য দেন।
আন্দোলনকারীদের দাবি, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ‘দোসর’। তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন শেখ হাসিনার মত তাকেও দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হবে।
এ সময় ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ এবং গণহত্যাকারীদের বিচার দাবি করা হয়।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জেলার তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলায় মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
