১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 03:26 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।

রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ দুই শিশু মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

এর মধ্যে ছয় মাস পাঁচ দিন বয়সি রেজওয়ান আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা সাব্বিরের ছেলে এবং ছয় মাস বয়সি ইব্রাহিম একই জেলার সদর উপজেলার বাসিন্দা একলাছুরের ছেলে। 

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সোমবার সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৯৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হামে শনাক্ত হয়েছিল। বাকী ১১০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৭০৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।