২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নাসির গ্লাসের কারখানায় চুল্লি থেকে অগ্নিকাণ্ড

চুল্লির একটি প্লেট সরে গিয়ে গলানো কাঁচামাল লাভার মতো মেঝেতে ছড়িয়ে পড়ে।

গাজীপুরে নাসির গ্লাসের কারখানায় চুল্লি থেকে অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নাসির গ্লাসের কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 12:53 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নাসির গ্লাসের কারখানায় একটি চুল্লির আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও ময়মনসিংহের ভালুকা উপজেলার সীমান্তবর্তী নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ অগ্নিকাণ্ড ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান। 

বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, সকালে সাড়ে ৮টার দিকে কারখানার চুল্লি থেকে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। 

তিনি আরও জানান, কারখানার চুল্লিতে উচ্চ তাপমাত্রায় কাঁচ তৈরির কাঁচামাল গলানো ও জমানোর কাজ হয়। ওই চুল্লির একটি প্লেট সরে গিয়ে গলানো কাঁচামাল লাভার মতো মেঝেতে ছড়িয়ে পড়ে। সেখান থেকে সৃষ্ট আগুন কারখানার ফ্লোর ও শেডে ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার প্রকৌশলীরাও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।